Friday, September 11, 2026
Homeবিনোদনছয় বছরের সংসার ভেঙে গেল, বিচ্ছেদের ঘোষণা দিলেন কনা

ছয় বছরের সংসার ভেঙে গেল, বিচ্ছেদের ঘোষণা দিলেন কনা

সামাজিক যোগাযোগমাধ্যমে জানালেন বিচ্ছেদের খবর, সঙ্গীতে মনোনিবেশের প্রত্যয়

জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বুধবার রাতে এক আবেগঘন পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

পোস্টে কনা জানান, তাঁর এবং স্বামী গোলাম মোহাম্মদ ইফতেখার গহীনের মধ্যে ১৬ জুন ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে। তিনি লেখেন, “জন্ম, মৃত্যু, বিয়ে—সবই আল্লাহর ইচ্ছায় ঘটে। তেমনি বিচ্ছেদও তাঁর ইচ্ছাতেই ঘটে। এই সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য সহজ ছিল না, তবে এটি হয়েছে পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার মাধ্যমে।”

এই বিচ্ছেদকে ‘জীবনের এক নতুন অধ্যায়ে প্রবেশ’ বলে উল্লেখ করে কনা জানান, তাঁরা দু’জনেই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং ব্যক্তিগত শান্তি ও মর্যাদার সঙ্গে সামনে এগিয়ে যাবেন।

নিজের ক্যারিয়ারের প্রতি অঙ্গীকার জানিয়ে কনা আরও বলেন, “আমার জীবন, আমার পরিচয়, আমার ভালবাসা সবকিছুই সঙ্গীত ঘিরে। এখন আমি পুরোপুরি গানের জগতে মনোনিবেশ করতে চাই।”

ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কনা বলেন, “আপনাদের ভালবাসা আর সমর্থন আমাকে সব সময় অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও আমি সেই সম্মান ও সমঝোতা কামনা করি।”

এই ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তাঁর সাহসী সিদ্ধান্তের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন।

বর্তমানে কনা নিয়মিত স্টেজ শো, টিভি অনুষ্ঠান এবং চলচ্চিত্রের গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বিচ্ছেদের পর এই ব্যস্ততা আরও বাড়বে বলেই ধারণা করছেন সংগীতজগৎ সংশ্লিষ্টরা।

RELATED NEWS

Latest News