Sunday, February 1, 2026
Homeআন্তর্জাতিকট্রাম্পের দাবি: ইউক্রেনে এক সপ্তাহের জন্য হামলা বন্ধে রাজি পুতিন

ট্রাম্পের দাবি: ইউক্রেনে এক সপ্তাহের জন্য হামলা বন্ধে রাজি পুতিন

প্রচণ্ড শীতের মধ্যে মানবিক দিক বিবেচনায় ট্রাম্পের অনুরোধে কিয়েভসহ বিভিন্ন শহরে হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

নিজস্ব প্রতিবেদক ৩০ জানুয়ারি ২০২৬

রাশিয়া ইউক্রেনের শহরগুলোতে এক সপ্তাহের জন্য সব ধরনের হামলা বন্ধ করতে রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মন্ত্রিসভার এক বৈঠকে তিনি জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তিনি কিয়েভসহ বিভিন্ন শহরে সাত দিন গোলাবর্ষণ না করার অনুরোধ করেছিলেন এবং পুতিন তাতে সম্মতি দিয়েছেন।

ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থার ওপর রাশিয়ার উপর্যুপরি হামলার কারণে বর্তমানে লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় হিমাঙ্কের নিচে বসবাস করছে। ট্রাম্প বলেন, তারা এমন শীত আগে কখনও অনুভব করেনি। পুতিনের এই হামলা বন্ধের সিদ্ধান্তকে তিনি ইতিবাচক হিসেবে বর্ণনা করেন।

তবে এই আংশিক যুদ্ধবিরতির বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি। ইউক্রেনের মনোবল ভেঙে দিতে রাশিয়া সম্প্রতি বেসামরিক অবকাঠামোতে হামলা জোরদার করেছে। অন্যদিকে, ইউক্রেন রাশিয়ার তেল ও গ্যাস স্থাপনায় পাল্টা হামলা বন্ধ করবে কি না, সে বিষয়েও কোনো মন্তব্য করেনি কিয়েভ।

রুশ সামরিক বাহিনীর ঘনিষ্ঠ কয়েকজন ব্লককার অবশ্য আজ সকাল থেকেই এই যুদ্ধবিরতির ইঙ্গিত দিয়েছেন। ভ্লাদিমির রোমানভ নামে এক প্রভাবশালী রুশ ব্লগার জানিয়েছেন, আজ সকাল ৭টা থেকে ইউক্রেনের যেকোনো অবকাঠামো এবং কিয়েভ অঞ্চলে অগ্নিনির্বাপক অস্ত্র ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রুশ সশস্ত্র বাহিনী। বিপরীতে, ইউক্রেনের সামরিক বাহিনীর সাথে যুক্ত সামাজিক যোগাযোগমাধ্যমগুলোও রাশিয়ার জ্বালানি স্থাপনায় হামলা না করার নির্দেশের খবর দিয়েছে।

আগামী রবিবার আবু ধাবিতে দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে। তবে অঞ্চল দখলের বিষয়ে পুতিনের অনড় দাবির কারণে মূল শান্তি চুক্তি এখনও থমকে আছে। এদিকে শুক্রবার থেকে কিয়েভের তাপমাত্রা মাইনাস ১৬ ডিগ্রিতে নেমে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অবশ্য এই আলোচনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, মস্কো নতুন করে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে। বৃহস্পতিবারও রাশিয়ার হামলায় মধ্য ও দক্ষিণ ইউক্রেনে ছয়জন নিহত হয়েছেন। জেলেনস্কি বলেন, রাশিয়ার প্রতিটি হামলাই শান্তি আলোচনাকে প্রশ্নবিদ্ধ করছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৫ সাল ছিল ইউক্রেনের বেসামরিক নাগরিকদের জন্য ২০২২ সালের পর সবচেয়ে ভয়াবহ বছর। গত বছর রাশিয়ার আকাশপথে হামলায় ২ হাজার ৫১৪ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১২ হাজার ১৪২ জন আহত হয়েছেন, যা ২০২৪ সালের তুলনায় ৩১ শতাংশ বেশি।

RELATED NEWS

Latest News