Monday, March 9, 2026
Homeখেলাধুলাসের্জিও কনসেইসাও আল ইত্তিহাদের নতুন কোচ

সের্জিও কনসেইসাও আল ইত্তিহাদের নতুন কোচ

লরেন্ট ব্ল্যাঙ্ককে বরখাস্তের পর দুই বছরের চুক্তিতে দায়িত্ব নিলেন সাবেক এসি মিলান কোচ

সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন পর্তুগিজ কোচ সের্জিও কনসেইসাও। বুধবার ক্লাবটি তাদের অফিশিয়াল ঘোষণায় এ তথ্য জানায়।

সম্প্রতি ফরাসি কোচ লরেন্ট ব্ল্যাঙ্ককে বরখাস্তের পর কনসেইসাওকে দুই বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে আল ইত্তিহাদ।

৫০ বছর বয়সি এই কোচের ঘোষণা আসে ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায়, যার শিরোনাম ছিল “The King Rules the Game।”

ভিডিওতে কনসেইসাও বলেন, “জয় কোনো বিকল্প নয়, এটি একটি পরিচয় যা আমাদের সংজ্ঞায়িত করে। প্রতিদ্বন্দ্বীরা বদলাবে, মিত্ররা হারিয়ে যাবে, কিন্তু চ্যাম্পিয়ন রয়ে যাবে। চ্যাম্পিয়নই খেলার মালিক। আমি সের্জিও কনসেইসাও, আমি ইত্তিহাদের সঙ্গে গৌরব গড়তে এসেছি।”

কনসেইসাও একজন অভিজ্ঞ কোচ, যিনি খেলোয়াড় হিসেবে পর্তুগাল জাতীয় দলের হয়ে ৫২টি ম্যাচ খেলেছেন। কোচ হিসেবে তিনি দীর্ঘ সাত বছর পর্তুগালের ক্লাব পোর্তোর দায়িত্বে ছিলেন এবং এই সময়ে তিনবার দেশীয় লিগ শিরোপা জিতেছিলেন।

গত মৌসুমের মাঝপথে তিনি ইতালির ক্লাব এসি মিলানের দায়িত্ব নেন। তবে দলটি সিরি আ লিগে অষ্টম স্থানে থেকে মৌসুম শেষ করে এবং ইতালিয়ান কাপের ফাইনালে বোলোনিয়ার কাছে হেরে যায়, যার পর তাকে চাকরি হারাতে হয়।

আল ইত্তিহাদ বর্তমানে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে, শীর্ষে থাকা আল নাসরের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে।

গত সেপ্টেম্বরের শেষে আল নাসরের বিপক্ষে ২-০ ব্যবধানে পরাজয়ের পরই লরেন্ট ব্ল্যাঙ্কের ১৪ মাসের দায়িত্বের অবসান ঘটে।

কনসেইসাও আল ইত্তিহাদের ইতিহাসে চতুর্থ পর্তুগিজ কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন। এর আগে ওয়েস্ট হ্যামের বর্তমান কোচ নুনো এস্পিরিতো সান্তো ২০২৩ সালে ক্লাবটির কোচ ছিলেন।

RELATED NEWS

Latest News