ক্রীড়া প্রতিবেদক | মালে ১ এপ্রিল, ২০২৬
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে আজ বুধবার নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মালদ্বীপের মালেতে ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে শুরু হবে। শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামছে বাংলাদেশের যুবারা।
টুর্নামেন্টের গ্রুপ ‘বি’ থেকে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে পরাজিত করার পর দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারা। ধারাবাহিক এই নৈপুণ্য বাংলাদেশকে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
সেমিফাইনালের এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের পুরো মনোযোগ এখন ফাইনালের দিকে। কোচিং স্টাফরা খেলোয়াড়দের কৌশলগত সংগঠন, সমন্বয় এবং ম্যাচ সচেতনতার ওপর বিশেষ জোর দিয়েছেন। সেই সঙ্গে খেলোয়াড়দের মানসিকভাবে চাঙ্গা এবং অনুপ্রাণিত রাখতে কাজ করা হয়েছে।
ম্যাচের আগে আত্মবিশ্বাস ঝরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ মার্ক কক্সের কণ্ঠে। তিনি টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতামূলক আবহ স্বীকার করে নিয়ে বলেন, এটি একটি দুর্দান্ত টুর্নামেন্ট। আমরা যার বিপক্ষেই খেলি না কেন, সেটি একটি লড়াই হবে। তবে আমরা আমাদের নিজস্ব কৌশলে খেলব এবং আমাদের নিয়ে চিন্তার কারণ থাকবে প্রতিপক্ষের।
প্রস্তুতি প্রসঙ্গে কোচ আরও জানান, তারা ৯০ মিনিটের খেলা কিংবা পেনাল্টি শুট-আউট—যেকোনো পরিস্থিতির জন্য পেশাদারভাবে নিজেদের তৈরি করেছেন।
দলের ফরোয়ার্ড রিফাত কাজী ইনজুরি কাটিয়ে দলের ফিটনেস নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, পুরো দল এখন ফিট। আমাদের এখন সব লক্ষ্য নেপালের ওপর। ইনশাল্লাহ আমরা মাঠে আমাদের সেরাটা দেব।
একই সুরে কথা বলেছেন লেফট উইঙ্গার মোালতাজিম আলম হেমেল। তিনি বলেন, আমরা জানি আমরা শক্তিশালী। আমরা এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে এসেছি এবং ফাইনাল পৌঁছানোর ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।
বর্তমান ফর্ম ও আত্মবিশ্বাস সঙ্গী করে নেপাল বাধা পেরিয়ে শিরোপার আরও কাছে পৌঁছাতে মরিয়া বাংলাদেশ।
