টোকিও বিশ্ব চ্যাম্পিয়নশিপে রোববার যুক্তরাষ্ট্রের নোয়া লাইস জিতেছেন তার দ্বিতীয় স্বর্ণপদক। তিনি পুরুষদের ৪x১০০ মিটার রিলেতে শেষ ধাপের দৌড়ে দলকে জেতান।
আমেরিকান দলটি ৩৭.২৯ সেকেন্ডে দৌড় শেষ করে। ক্রিশ্চিয়ান কোলম্যান, কেনি বেডনারেক, কর্টনি লিন্ডসে ও নোয়া লাইসের সমন্বয়ে গড়া দলটি দীর্ঘদিনের ব্যাটন হস্তান্তরের সমস্যার পর এবার নির্বিঘ্নে সফলতা পায়। কানাডা ৩৭.৫৫ সেকেন্ডে রুপা এবং নেদারল্যান্ডস ৩৭.৮১ সেকেন্ডে ব্রোঞ্জ জেতে।
লাইস বলেন, “আমরা সবাই জানি আমরা দ্রুততম। শুধু ব্যাটন শুরু থেকে শেষ পর্যন্ত নিরাপদে নিতে হতো। ক্রিশ্চিয়ান যখন ব্যাটন দিল, তখনই জানতাম জয় নিশ্চিত।”
গত সপ্তাহে ১০০ মিটারে ব্রোঞ্জ পেলেও লাইস শুক্রবার জিতেছেন চতুর্থবারের মতো টানা ২০০ মিটার শিরোপা, যা কিংবদন্তি উসাইন বোল্টের রেকর্ডের সমান। এবার রিলে জয়ের মধ্য দিয়ে তার বিশ্ব চ্যাম্পিয়নশিপে অষ্টম স্বর্ণসহ মোট ১০টি পদক হলো। তিনি বর্তমান অলিম্পিক ১০০ মিটার চ্যাম্পিয়নও।
অন্যদিকে, নারীদের ৪x১০০ মিটার রিলেতে ইতিহাস গড়েছেন যুক্তরাষ্ট্রের মেলিসা জেফারসন-উডেন। তিনি বিশ্ব স্প্রিন্ট ট্রেবল জিতে দ্বিতীয় নারী হিসেবে নাম লেখালেন। এর আগে ২০১৩ সালে মস্কো বিশ্ব চ্যাম্পিয়নশিপে জ্যামাইকার শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস একই কৃতিত্ব অর্জন করেছিলেন।
জেফারসন-উডেন এর আগে ১০০ ও ২০০ মিটারে শিরোপা জিতেছিলেন। এবার টোয়ানিশা টেরি, কায়লা হোয়াইট ও শা’কারি রিচার্ডসনের সঙ্গে দলবদ্ধ হয়ে ৪১.৭৫ সেকেন্ডে যুক্তরাষ্ট্রকে স্বর্ণ এনে দেন তিনি।
জ্যামাইকা ৪১.৭৯ সেকেন্ডে রুপা এবং জার্মানি ৪১.৮৭ সেকেন্ডে ব্রোঞ্জ পায়। এটাই ছিল ফ্রেজার-প্রাইসের ক্যারিয়ারের শেষ দৌড়। দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে তিনি তিনটি অলিম্পিক স্বর্ণ, ১০টি বিশ্ব শিরোপা এবং মোট ২৫টি পদক জিতেছেন।
বিশ্ব অ্যাথলেটিক্স মঞ্চে যুক্তরাষ্ট্রের এই সাফল্য দলটির সাম্প্রতিক প্রভাব ও আধিপত্য আরও একবার প্রমাণ করল।
