নিজস্ব প্রতিবেদক, রংপুর ৭ ফেব্রুয়ারি ২০২৬
আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের ‘ইঞ্জিনিয়ারিং’ বা কারচুপির সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাসুদ। তিনি স্পষ্ট করেছেন যে, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি), প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিবিড়ভাবে কাজ করছে।
শনিবার বিকেলে রংপুর সার্কিট হাউস হলরুমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ সেলের সদস্যদের সঙ্গে এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, “১৩তম জাতীয় সংসদ নির্বাচন কোনো ধরনের চাপ, প্রভাব বা হস্তক্ষেপের সম্মুখীন নয়। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক এবং ইসি একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সম্পূর্ণ প্রস্তুত।”
সমন্বয় সভায় নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা, ভোটকেন্দ্রের পরিবেশ, নির্বাচনের দিন কর্মকর্তাদের দায়িত্ব এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো নিয়ে বিশেষ প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মাসুদ বলেন, “ইসি প্রতিটি নির্বাচনী প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।”
তিনি আরও সতর্ক করে দিয়ে বলেন, দায়িত্ব পালনে অবহেলা বা আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কমিশন কঠোর অবস্থান নেবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
সভায় উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, তারা শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। বিশেষ করে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা সদস্য মোতায়েনের পরামর্শ দেন তারা। এর প্রেক্ষিতে নির্বাচন কমিশনার প্রয়োজনে সব কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আশ্বাস দেন।
সভায় আরও জানানো হয়, নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের গুজব বা অপপ্রচার ছড়ানোর চেষ্টা করা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সাইবার মনিটরিংয়ের পাশাপাশি মাঠপর্যায়ে প্রশাসনিক তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
রংপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসান সভায় উপস্থিত ছিলেন। এ ছাড়া সেনাবাহিনী, পুলিশ, আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রংপুর বিভাগের আট জেলার রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা সভায় অংশ নেন।
