Tuesday, March 31, 2026
Homeখেলাধুলাক্রিকেটবাংলাদেশ সফরের নিউজিল্যান্ড দল ঘোষণা, ইনজুরি কাটিয়ে ফিরলেন ৩ পেসার

বাংলাদেশ সফরের নিউজিল্যান্ড দল ঘোষণা, ইনজুরি কাটিয়ে ফিরলেন ৩ পেসার

আইপিএলের কারণে নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনারসহ শীর্ষ তারকারা অনুপস্থিত। দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। দলে ফিরেছেন পেসার উইল ও’রুরকি, ম্যাট ফিশার ও ব্লেয়ার টিকনার।

ক্রীড়া প্রতিবেদক | ঢাকা

৩১ মার্চ, ২০২৬

বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজের জন্য ১৫ সদস্যের আলাদা দুটি স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। মঙ্গলবার ঘোষিত এই দলে ইনজুরি কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন তিন পেসার ম্যাট ফিশার, উইল ও’রুরকি এবং ব্লেয়ার টিকনার।

দলে নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনারকে রাখা হয়নি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার কারণে তিনি এই সফরে থাকছেন না। স্যান্টনারের অনুপস্থিতিতে কিউইদের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ টম ল্যাথাম। স্যান্টনার ছাড়াও আইপিএল ও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার কারণে নিউজিল্যান্ডের নিয়মিত স্কোয়াডের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার এই সফরে অনুপস্থিত থাকছেন।

নিউজিল্যান্ডের হেড কোচ রব ওয়াল্টার পেস ইউনিটের শক্তির ওপর জোর দিয়ে বলেন, বর্তমানের ব্যস্ত ক্রিকেট সূচিতে বোলিং ইউনিটের গভীরতা থাকা জরুরি। তিন পেসারই ইনজুরি কাটিয়ে ফিরছেন। উইল ও’রুরকি ব্যাক ইনজুরির পর ওয়ানডে দলে ফিরেছেন এবং শিন ইনজুরি কাটিয়ে টি-টোয়েন্টি দলে ফিরেছেন ম্যাট ফিশার। অন্যদিকে গোড়ালির চোট কাটিয়ে ব্লেয়ার টিকনার জায়গা পেয়েছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় দলেই।

দলে ফিরেছেন অফ-স্পিনিং অলরাউন্ডার ডিন ফক্সক্রফট, যিনি ২০২৪ সালের এপ্রিলে শেষবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। এছাড়াও ওয়ানডে স্কোয়াডে রয়েছেন ক্রিস্টিয়ান ক্লার্ক এবং জেডেন লেনক্স, যারা গত জানুয়ারিতে ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে দলের অংশ ছিলেন।

নিউজিল্যান্ড দল আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে। সিরিজের প্রথম দুটি ওয়ানডে ১৭ ও ২০ এপ্রিল ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর ২৩ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে দিয়ে ওয়ানডে সিরিজ শেষ হবে। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে এবং শেষ ম্যাচটি ২ মে ঢাকায় অনুষ্ঠিত হবে। স্বাগতিক বাংলাদেশ গত ২৭ মার্চ থেকে এই সিরিজের প্রস্তুতি শুরু করেছে।

নিউজিল্যান্ড ওয়ানডে স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুরকি, বেন সেয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), কাটেনে ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সেয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।

RELATED NEWS

Latest News