Thursday, April 2, 2026
Homeজাতীয়সিদ্ধিরগঞ্জে যৌথ বাহিনীর অভিযান: ৪৪ হাজার লিটার অবৈধ তেল জব্দ

সিদ্ধিরগঞ্জে যৌথ বাহিনীর অভিযান: ৪৪ হাজার লিটার অবৈধ তেল জব্দ

নারায়ণগঞ্জে বিজিবি, এনএসআই ও জেলা প্রশাসনের অভিযানে ৩৫ হাজার লিটার ফার্নেস অয়েল এবং ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। নথিপত্র দেখাতে না পারায় একজনকে আটক করেছে কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ

১ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিজিবি, এনএসআই ও জেলা প্রশাসনের এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকেলের এই অভিযানে ৩৫ হাজার লিটার ফার্নেস অয়েল এবং ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয় বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এই বিশেষ অভিযান চালানো হয়। সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার একটি পরিত্যক্ত কারখানা থেকে প্রথমে ৩৫ হাজার লিটার অবৈধভাবে মজুত করা ফার্নেস অয়েল উদ্ধার করা হয়। পরবর্তীতে ঈদগাহ এলাকার একটি ট্যাঙ্কার থেকে আরও ৯ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্যাঙ্কার চালক দাবি করেন যে, এই ডিজেল সিলেটের আকিজ গ্লাস ইন্ডাস্ট্রিতে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে তেলের স্বপক্ষে তিনি কোনো বৈধ নথিপত্র প্রদর্শন করতে পারেননি। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে জরিমানা ও কারাদণ্ডের প্রক্রিয়া চলমান রয়েছে।

জব্দকৃত সব জ্বালানি তেল পার্শ্ববর্তী মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপোতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিজিবি জানিয়েছে, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ মজুতদারি ও পাচার রোধে তারা সর্বদা সজাগ রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

RELATED NEWS

Latest News