Friday, December 12, 2025
Homeজাতীয়জয়পুরহাটে বেসরকারি স্কুলের চার শিক্ষক অভিযুক্ত

জয়পুরহাটে বেসরকারি স্কুলের চার শিক্ষক অভিযুক্ত

ছাত্রদের ওপর নির্যাতনের অভিযোগ, তদন্তে কমিটি গঠন

জয়পুরহাট শহরের প্রফেসরপাড়া এলাকায় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চার শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে।

অভিযুক্তরা হলেন নর্থ বেঙ্গল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির শিক্ষক আশিকুর রহমান, এমদাদ হোসেন, আবুল বাশার ও ওমর ফারুক। অভিযোগের পর থেকে তারা পলাতক বলে জানা গেছে।

প্রতিষ্ঠানটি আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা প্রদান করে থাকে। অভিভাবক ও শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছিল।

গত শুক্রবার রাতে নতুন করে ঘটনা প্রকাশ্যে আসে। আবাসিক ২২ জন শিক্ষার্থীকে গান গাওয়া ও টেলিভিশন দেখার কারণে লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। নির্যাতন সইতে না পেরে এক শিক্ষার্থী পালিয়ে বাড়িতে গিয়ে অভিভাবকদের জানায়। এরপর অন্য শিক্ষার্থীরাও বিষয়টি খোলাসা করে।

অভিভাবকরা রাতেই বিদ্যালয়ে ছুটে যান এবং প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন। তাদের অভিযোগ, বহুবার জানানো হলেও প্রতিষ্ঠানটির পরিচালক রাবিউল ইসলাম ও প্রধান শিক্ষক কোনো ব্যবস্থা নেননি।

দশম শ্রেণির শিক্ষার্থী রেজাউন জান্নাত রাব্বি বলেন, “আমি গান গাইছিলাম, তখন হঠাৎ শিক্ষক এসে মারধর শুরু করেন।” অপর শিক্ষার্থী সোহান ফারদিস অভিযোগ করেন, “কিছু টাকা কম দেওয়ায় স্যার আমাকে বহিষ্কারের হুমকি দিয়ে মারধর করেন।”

অভিভাবক রিবা পারভীন বলেন, শৃঙ্খলা রক্ষার জন্য শাস্তি মেনে নেওয়া যায়, কিন্তু বারবার সহিংস নির্যাতন কোনোভাবেই সহ্য করা সম্ভব নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

প্রতিষ্ঠানের পরিচালক রাবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযুক্ত শিক্ষকদের শোকজ নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম জানান, প্রতিষ্ঠানপ্রধান লিখিতভাবে অভিযুক্ত শিক্ষকদের বরখাস্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

RELATED NEWS

Latest News