নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর ৭ ফেব্রুয়ারি ২০২৬
ফরিদপুরের কানাইপুর ইক্ষু ক্রয় কেন্দ্র এলাকায় একটি পুকুরের তলদেশ থেকে বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনী। শনিবার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত এক বিশেষ অভিযানে এসব অস্ত্র জব্দ করা হয়।
শনিবার সন্ধ্যায় ফরিদপুর আর্মি ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন ক্যাম্পের কমান্ডার মেজর সোহেল আহমেদ।
অভিযানে উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে চারটি বিদেশি পিস্তল, ১৬ রাউন্ড গুলি, দুটি পাইপগান এবং বিপুল সংখ্যক দেশীয় ধারালো অস্ত্র। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মেজর সোহেল আহমেদ জানান, নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে পুকুরের নিচে অস্ত্র ও গোলাবারুদ মজুত করে রাখা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতেই এই ঝটিকা অভিযান চালানো হয়। তিনি আরও নিশ্চিত করেন যে, উদ্ধারকৃত এসব অস্ত্র কোনো থানা থেকে লুট হওয়া অস্ত্রের তালিকার সঙ্গে মিলছে না।
সেনাবাহিনীর এই কর্মকর্তার মতে, প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে যে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যেই এসব অস্ত্র পুকুরের তলদেশে লুকিয়ে রাখা হয়েছিল। নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপতৎপরতা রুখতে যৌথবাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
