আন্তর্জাতিক ডেস্ক | বৈরুত
৩০ মার্চ, ২০২৬
লেবানন সরকারের দেওয়া বহিষ্কারাদেশ উপেক্ষা করে বৈরুতেই অবস্থান করছেন ইরানি রাষ্ট্রদূত। লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করে দেশত্যাগের নির্দেশ দিলেও সোমবার ইরান পরিষ্কার জানিয়েছে, তাদের রাষ্ট্রদূত বৈরুতেই থাকছেন।
লেবাননে বর্তমানে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এই সংঘাতের আবহে ইরান-সমর্থিত হিজবুল্লাহ এবং লেবানন সরকারের মধ্যকার উত্তেজনার কেন্দ্রে চলে এসেছেন ইরানি দূত মোহাম্মদ রেজা শিবানি। তেহরানের সমর্থনে হিজবুল্লাহ এই যুদ্ধে জড়ানোয় লেবানন সরকার শুরু থেকেই তাদের কড়া সমালোচনা করে আসছে এবং ইসরায়েলের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছে।
গত সপ্তাহে লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা রাষ্ট্রদূত মনোনীত মোহাম্মদ রেজা শিবানির স্বীকৃতি প্রত্যাহার করে নিয়েছে এবং তাকে ২৯ মার্চের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের অভিযোগ, শিবানি লেবাননের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছেন।
তবে লেবাননের প্রভাবশালী শিয়া নেতা এবং পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। হিজবুল্লাহর মিত্র হিসেবে পরিচিত বেরি শিবানিকে বৈরুতেই থেকে যাওয়ার অনুরোধ জানিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।
সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, শিবানি বৈরুতেই তার দায়িত্ব পালন করে যাবেন। তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট লেবাননি পক্ষগুলোর সঙ্গে আলোচনা এবং প্রাপ্ত সিদ্ধান্তের ভিত্তিতে ইরানি রাষ্ট্রদূত বৈরুতে তার কাজ অব্যাহত রাখবেন।
এদিকে নির্ধারিত সময়সীমা পার হওয়ার পরও লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিষয়ে নতুন কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গত ২ মার্চ হিজবুল্লাহ ইরানের সমর্থনে ইসরায়েলে হামলা শুরু করলে লেবানন এই যুদ্ধে জড়িয়ে পড়ে। ইসরায়েলি হামলায় ইতিমধ্যে দেশটিতে ১ হাজার ২০০-র বেশি মানুষ নিহত এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম হিজবুল্লাহর এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে গোষ্ঠীটির সামরিক শাখাকে নিষিদ্ধ করেছেন।
ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে জানান, বহিষ্কারের সময়সীমা শেষ হলেও ইরানি রাষ্ট্রদূত বৈরুতে বসে কফি খাচ্ছেন এবং স্বাগতিক দেশকে উপহাস করছেন। তিনি আরও দাবি করেন, লেবানন একটি ভার্চুয়াল রাষ্ট্র যা কার্যত ইরান দখল করে রেখেছে।
