ইউরোপের বড় ক্লাবগুলোর প্রশিক্ষণ মাঠের পাশে দেখা যায় দামী গাড়ির সারি। কিন্তু সাবেক আর্সেনাল ফুটবলার হেক্টর বেলেয়ারিনের যাতায়াতের মাধ্যম ভিন্ন—তিনি সাইকেল বা গণপরিবহন ব্যবহার করেন।
স্প্যানিশ এই ডিফেন্ডার বর্তমানে রিয়াল বেটিসের হয়ে খেলছেন। তিনি মনে করেন, খেলোয়াড়দের উচিত নিজেদের জনপ্রিয়তা ব্যবহার করে পরিবেশ সচেতনতা ও টেকসই জীবনযাপনের বার্তা ছড়ানো।
বেলেয়ারিন বলেন, “আমি জানি আমার সুবিধা আছে। ট্যাক্সি নেওয়া সহজ হতো, কিন্তু আমাদের আরও সবুজ শহর দরকার যেখানে গাড়ির সংখ্যা কম হবে।”
সোমবার বিবিসি গ্রিন স্পোর্ট অ্যাওয়ার্ডসে ‘গ্লোবাল চ্যাম্পিয়ন’ উপাধি পান ৩০ বছর বয়সী এই ফুটবলার।
আর্সেন ওয়েঙ্গারের অধীনে আর্সেনালের একাডেমিতে ১৬ বছর বয়সে যোগ দেন তিনি। সেখান থেকেই জীবনদর্শনে এসেছে ইতিবাচক পরিবর্তন। বেলেয়ারিন জানান, “ওয়েঙ্গারের কাছ থেকে আমি শিখেছি ভারসাম্যপূর্ণভাবে বাঁচতে। টেকসই জীবনযাপন সেই চিন্তারই অংশ।”
বেলেয়ারিন নিজেকে ভেগান হিসেবে পরিচয় দেন এবং পুরোনো পোশাক ব্যবহার করেন। তিনি বলেন, “আমরা প্রতিনিয়ত এমন বিজ্ঞাপন দেখি যা মিথ্যা চাহিদা তৈরি করে। আমি চাই মানুষ জিনিসের নতুন জীবন দিক, অপচয় না করুক।”
তিনি স্বীকার করেন, ফুটবলের মতো বিলাসবহুল জগতে তাঁর চিন্তাভাবনা অনেকের সঙ্গে মেলে না। তবু সতীর্থদের সঙ্গে তিনি এসব বিষয়ে খোলামেলা আলোচনা করেন। “আমরা বিতর্ক করি, কখনও রেগেও যাই, কিন্তু সবাই একে অপরকে সম্মান করি,” বলেন বেলেয়ারিন।
রিয়াল বেটিসে যোগ দেওয়াকে তিনি নিজের জন্য স্বাভাবিক সিদ্ধান্ত হিসেবে দেখেন। ক্লাবটি ‘ফরএভার গ্রিন’ ফাউন্ডেশনের মাধ্যমে পরিবেশবান্ধব নানা উদ্যোগ নেয়। ক্লাবের জার্সি তৈরি হয় শৈবাল, কাঠের তন্তু ও পুনর্ব্যবহৃত প্লাস্টিক থেকে, আর স্টেডিয়ামের আসনের উপকরণে ব্যবহৃত হয় ফেলে দেওয়া মাছ ধরার জাল।
বেলেয়ারিন বলেন, “বেটিস শুধু ফুটবল ক্লাব নয়। এটা এমন এক জায়গা, যেখানে মানুষ একে অপরকে সাহায্য করে, বেড়ে ওঠে, এবং বড় কোনো উদ্দেশ্যের অংশ হয়ে ওঠে। এর অংশ হতে পারা আমার জন্য গর্বের।”
