Thursday, April 2, 2026
Homeজাতীয়হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত: উদ্ধারকাজে যোগ দিয়েছে বিজিবি

হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত: উদ্ধারকাজে যোগ দিয়েছে বিজিবি

মাধবপুরের মনতলায় চট্রগ্রাম থেকে সিলেটগামী ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত। সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন।

নিজস্ব প্রতিবেদক | হবিগঞ্জ

২ এপ্রিল, ২০২৬

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় উদ্ধারকাজে যোগ দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার রাত পৌনে ১০টার দিকে মাধবপুর উপজেলার মনতলা এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়। এর ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

দুর্ঘটনার পর বিজিবির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, উদ্ধারকাজে সহায়তা এবং দুর্ঘটনাস্থলের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে একাধিক বিজিবি টহল দল মোতায়েন করা হয়েছে। হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) সদস্যরা সক্রিয়ভাবে এই উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন।

এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে রেললাইন থেকে বগিগুলো সরিয়ে পুনরায় যোগাযোগ সচল করতে কাজ চলছে। উদ্ধারকাজ দ্রুত সম্পন্ন করতে এবং রেল যোগাযোগ স্বাভাবিক করতে বিজিবি বেসামরিক প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদান করছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। তবে তেলবাহী ট্রেন হওয়ায় এবং ৬টি বগি লাইনচ্যুত হওয়ায় রেল যোগাযোগ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।

RELATED NEWS

Latest News