নিজস্ব প্রতিবেদক | ঢাকা
২ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ পুনরায় শুরু হওয়াকে স্বাগত জানিয়ে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও জনশক্তি রপ্তানি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই আহ্বান জানান।
সাক্ষাতকালে হাইকমিশনার শিউনীন রশীদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শামা ওবায়েদকে অভিনন্দন জানান। প্রতিমন্ত্রী নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে মালদ্বীপের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজায় মালদ্বীপের উচ্চশিক্ষা ও শ্রমমন্ত্রীর উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সহযোগিতার প্রধান ক্ষেত্রসমূহ বৈঠকে বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা এবং কানেক্টিভিটিসহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে দুই দেশের মধ্যে ব্যবসায়িক প্রতিনিধি দল বিনিময় এবং বিদ্যমান সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন।
শ্রমবাজার ও স্বাস্থ্যখাত মালদ্বীপের হাইকমিশনার সেদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশি প্রবাসী কর্মীদের অবদানের প্রশংসা করেন। এর প্রেক্ষিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মালদ্বীপ সরকারকে ধন্যবাদ জানান এবং আরও বেশি দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নিয়োগের অনুরোধ করেন। হাইকমিশনার জানান, মালদ্বীপ বাংলাদেশ থেকে পেশাদার স্বাস্থ্যকর্মী নিয়োগে অত্যন্ত আগ্রহী।
আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু রোহিঙ্গা সংকটে মালদ্বীপের অব্যাহত সমর্থনের জন্য প্রতিমন্ত্রী ধন্যবাদ জানান। এছাড়া দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-কে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। উভয় পক্ষই আঞ্চলিক সহযোগিতা শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
