অনলাইন ডেস্ক ৮ ফেব্রুয়ারি ২০২৬
ভিক্টর গিওকেরেসের জোড়া গোলে সান্ডারল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করেছে আর্সেনাল। শনিবারের এই জয়ের ফলে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল মিকেল আর্তেতার শিষ্যরা। এর ফলে রবিবার লিভারপুলের মুখোমুখি হওয়ার আগে সিটির ওপর মনস্তাত্ত্বিক চাপ আরও বেড়ে গেল।
ম্যাচে মার্তিন জুবিমেন্দির দুর্দান্ত প্রথমার্ধের গোলের পর বদলি হিসেবে নামা গিওকেরেস দুইবার লক্ষ্যভেদ করেন। এই হারের ফলে সান্ডারল্যান্ড পয়েন্ট তালিকায় নবম স্থানে নেমে গেছে।
ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে গিওকেরেস বলেন, “তারা (সান্ডারল্যান্ড) বাতাসে খুব শক্তিশালী, তাই এটি সবসময়ই যুদ্ধের মতো। তিনটি গোল করা একটি ভালো ফলাফল। আমরা পুরো মৌসুমে দেখিয়েছি যে আমাদের বেঞ্চ থেকে আসা খেলোয়াড়রাও বড় প্রভাব ফেলতে পারে। এটি একটি ইতিবাচক সংকেত।”
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আর্সেনাল। প্রথম মিনিটেই লিয়েন্দ্রো ট্রসার্ডের ক্রসে কাই হাভার্টজের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে সান্ডারল্যান্ডের ব্রায়ান ব্রোবি একটি গোল করার সুযোগ পেলেও হাভার্টজের রক্ষণাত্মক তৎপরতায় তা ব্যর্থ হয়।
অবশেষে ৪২ মিনিটে ডেডলক ভাঙেন জুবিমেন্দি। বক্সের বাইরে থেকে তার জোরালো নিচু শট সান্ডারল্যান্ড গোলরক্ষক রবিন রোফসকে পরাস্ত করে জালে জড়ায়। গোল উদযাপনের সময় জুবিমেন্দি তার ইনজুরিতে পড়া স্বদেশী মিকেল মেরিনোকে উৎসর্গ করে মেরিনোর আইকনিক স্টাইল অনুকরণ করেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্সেনাল কিছুটা চাপে পড়লেও গোলরক্ষক ডেভিড রায়া দারুণ দক্ষতায় সান্ডারল্যান্ডের কেমসদিন তালবির দূরপাল্লার শট রুখে দেন। এরপর কোচ আর্তেতা পরিবর্তনের সিদ্বান্ত নেন। মাঠে নামার ছয় মিনিটের মাথায় কাই হাভার্টজের পাস থেকে শক্তিশালী শটে নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোলটি করেন সুইডিশ স্ট্রাইকার গিওকেরেস।
গিওকেরেসের পারফরম্যান্স নিয়ে আর্তেতা বলেন, “আমি তার চরিত্র এবং প্রতিদিনের কাজের ধরণ পছন্দ করি। দলের জন্য সাহায্য করার তার মধ্যে এক ধরণের সহজাত ইচ্ছা কাজ করে।”
ম্যাচের অতিরিক্ত সময়ে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে আর্সেনালের ৩-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন গিওকেরেস। এটি চলতি মৌসুমে লিগে তার অষ্টম গোল। বর্তমানে আর্সেনাল ৯ পয়েন্টের ব্যবধানে শীর্ষে অবস্থান করছে এবং রবিবার অ্যানফিল্ডে লিভারপুল ও সিটির মধ্যকার ম্যাচের দিকে তাকিয়ে থাকবে গানার্সরা।
