Thursday, April 2, 2026
Homeঅর্থ-বাণিজ্যআশুলিয়ায় ২ পোশাক কারখানা অনির্দিষ্টকাল বন্ধ: ৪ হাজার শ্রমিকের অনিশ্চয়তা

আশুলিয়ায় ২ পোশাক কারখানা অনির্দিষ্টকাল বন্ধ: ৪ হাজার শ্রমিকের অনিশ্চয়তা

বকেয়া পাওনা না মিটিয়েই ফ্যাশন ফোরাম ও জেএ অ্যাপারেলস বন্ধের অভিযোগ শ্রমিকদের। কারখানা খুলে দেওয়ার দাবিতে এলাকায় মানববন্ধন।

নিজস্ব প্রতিবেদক | সাভার

২ এপ্রিল, ২০২৬

সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে পৃথক দুটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিশ দেখতে পান। আকস্মিক এই সিদ্ধান্তে প্রায় ৪ হাজার শ্রমিকের কর্মসংস্থান ও বকেয়া বেতন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বন্ধ ঘোষিত কারখানা দুটি হলো—জামগড়া এলাকার ফ্যাশন ফোরাম লিমিটেড এবং কুড়গাঁও এলাকার জেএ অ্যাপারেলস। শ্রমিকদের দাবি, সাম্প্রতিক কিছু শ্রমিক অসন্তোষের জেরে কোনো আগাম নোটিশ বা পাওনা পরিশোধ না করেই কারখানা দুটি বন্ধ করে দেওয়া হয়েছে।

বুধবার সকালে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তীতে তারা ওই এলাকায় একটি মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে শ্রমিকরা অভিযোগ করেন, বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পরিশোধ না করে কর্তৃপক্ষ কৌশলে কারখানা বন্ধ করে দিয়েছে। তারা দ্রুত কারখানা খুলে দেওয়া এবং বকেয়া পাওনা পরিশোধের দাবি জানান।

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কারখানা দুটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সজাগ রয়েছেন। তিনি আরও বলেন, “কারখানা দুটি পুনরায় চালু করার বিষয়ে আমরা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করছি। দ্রুত একটি সমাধান আসবে বলে আমরা আশাবাদী।”

RELATED NEWS

Latest News