Thursday, April 2, 2026
Homeজাতীয়নারায়ণগঞ্জে প্রায় ১৪ হাজার লিটার ডিজেল জব্দ: দুই মজুতদারের কারাদণ্ড

নারায়ণগঞ্জে প্রায় ১৪ হাজার লিটার ডিজেল জব্দ: দুই মজুতদারের কারাদণ্ড

সিদ্ধিরগঞ্জের গোদনাইলে পৃথক অভিযানে ১৩,৯৮০ লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। দোষীদের কারাদণ্ড ও জরিমানা প্রদান।

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ

২ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মঙ্গলবার রাতে পৃথক দুটি অভিযানে ১৩ হাজার ৯৮০ লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে জড়িত দুই ব্যক্তিকে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানটি পরিচালিত হয় সন্ধ্যা ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইলে মেঘনা ডিপোর ঈদগাহ সংলগ্ন এলাকায়। সেখানে ভ্রাম্যমাণ আদালত ৯ হাজার ১০০ লিটার অবৈধ ডিজেল উদ্ধার করে। এই ঘটনায় জড়িত থাকার দায়ে মো. সিফাত নামের এক ব্যক্তিকে ৬ হাজার টাকা জরিমানা এবং দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

একই রাতে দ্বিতীয় অভিযানটি চালানো হয় গোদনাইলের এসএ রোডে মেঘনা ডিপোর কাছের একটি বাড়িতে। সেখান থেকে আরও ৪ হাজার ৮৮০ লিটার ডিজেল জব্দ করে কর্তৃপক্ষ। অবৈধভাবে জ্বালানি তেল মজুত করার অপরাধে অভিযুক্ত মো. নাসিরকে ৩ হাজার টাকা জরিমানা এবং এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বিপিসি ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি এবং অবৈধ মজুত রোধে এই ধরনের কঠোর তদারকি অব্যাহত থাকবে। জব্দকৃত ডিজেল মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপোতে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

RELATED NEWS

Latest News