Thursday, April 2, 2026
Homeখেলাধুলাকেনকে ছাড়া জয় পাওয়া কঠিন: টমাস টুখেল

কেনকে ছাড়া জয় পাওয়া কঠিন: টমাস টুখেল

ঘরের মাঠে জাপানের কাছে হারের পর হ্যারি কেনের গুরুত্ব তুলে ধরলেন ইংল্যান্ড কোচ। বিশ্বকাপের মাত্র ৮ সপ্তাহ বাকি থাকতে খেলোয়াড়দের চোট নিয়ে উদ্বিগ্ন এই জার্মান ট্যাকটিশিয়ান।

ক্রীড়া প্রতিবেদক | লন্ডন

১ এপ্রিল, ২০২৬

ইংল্যান্ড জাতীয় দলের কোচ টমাস টুখেল স্বীকার করেছেন যে, হ্যারি কেনকে ছাড়া তার দল সফল হতে পারলেও কেন মাঠে থাকলে জয় পাওয়া অনেক বেশি সহজ হয়। মঙ্গলবার ওয়েম্বলিতে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে ১-০ গোলে হারের পর তিনি এই মন্তব্য করেন। উত্তর আমেরিকা বিশ্বকাপের আগে ঘরের মাঠে এটিই ছিল ইংল্যান্ডের শেষ প্রস্তুতি ম্যাচ।

বাযার্ন মিউনিখের অভিজ্ঞ স্ট্রাইকার হ্যারি কেন ম্যাচের আগের দিন অনুশীলনে চোট পাওয়ায় এই ম্যাচে খেলতে পারেননি। তার অনুপস্থিতিতে ইংল্যান্ডের আক্রমণভাগ ছিল একেবারেই ধারহীন। ম্যাচ শেষে টুখেল বলেন, “হ্যারি কেনের অনুপস্থিতিতে আমাদের সেই আক্রমণাত্মক ভয়ংকর রূপটি থাকে না। এটি বায়ার্ন মিউনিখের ক্ষেত্রেও সত্য, এমনকি বিশ্বের যেকোনো দলের ক্ষেত্রেও। শীর্ষ দলগুলো সব সময় তাদের সেরা খেলোয়াড়দের ওপর নির্ভর করে, এটাই স্বাভাবিক।”

তিনি আরও যোগ করেন, “আমরা শুধু একজন খেলোয়াড়কে হারাইনি, আমরা একজন বড় ব্যক্তিত্বকে হারিয়েছি। অনুশীলনের শেষ ১৫ মিনিটে অধিনায়ক যখন মাঠ ছাড়েন এবং স্কোয়াড থেকে ছিটকে যান, তখন তা দলের মানসিক অবস্থায় কিছুটা ব্যাঘাত ঘটায়।”

জাপানের বিপক্ষে এই পরীক্ষামূলক ম্যাচে শুধু কেন নন, জন স্টোনস, ডিক্লান রাইস, বুকায়ো সাকা এবং জর্ডান হেন্ডারসনের মতো সিনিয়র খেলোয়াড়রাও অনুপস্থিত ছিলেন। টুখেল এদের তার ‘লিডারশিপ গ্রুপ’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, “এই খেলোয়াড়রাই দলের গুণগত মান এবং মোমেন্টাম বহন করে। এদের ছাড়া খেলা আমাদের ওপর প্রভাব ফেলেছে।”

বিশ্বকাপের আর মাত্র আট সপ্তাহ বাকি। মে মাসে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন টুখেল। বর্তমানে চোটের যে পরিস্থিতি, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “এখন থেকে প্রতিটি পেশির চোট মানেই একজন খেলোয়াড়ের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা। আগামী কয়েক মাস টেলিভিশনের সামনে বসে ফুটবল দেখাটাও আমার জন্য ভয়ের কারণ হবে। আমি আশা করি বিশ্বকাপের আগে সবাই সুস্থ হয়ে উঠবে।”

RELATED NEWS

Latest News