নিজস্ব প্রতিবেদক | ঢাকা
৩১ মার্চ, ২০২৬
আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট লিয়ামিন জেরুয়াল আর নেই। গত ২৮ মার্চ (শনিবার) তিনি ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকায় অবস্থিত আলজেরীয় দূতাবাসের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
লিয়ামিন জেরুয়াল ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত আলজেরিয়ার ষষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। দেশটির একটি অত্যন্ত সংকটময় সময়ে তিনি নেতৃত্বের হাল ধরেছিলেন। গণতান্ত্রিক আদর্শের প্রতি শ্রদ্ধা রেখে মেয়াদ শেষ হওয়ার আগেই স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য তিনি বিশ্বজুড়ে বিশেষভাবে সমাদৃত।
আলজেরীয় দূতাবাস জানিয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে আলজেরিয়ার সম্পর্ক সুদৃঢ় করতে জেরুয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে দেশটির দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তার অবদান অনস্বীকার্য।
প্রয়াত এই নেতার প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর বারিধারা কূটনৈতিক জোনে অবস্থিত আলজেরীয় দূতাবাস প্রাঙ্গণে একটি শোকবই খোলা হয়েছে। ১ ও ২ এপ্রিল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিরা সেখানে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন ও শোকবইয়ে স্বাক্ষর করতে পারবেন।
ইতিমধ্যে কূটনৈতিক কোরের সদস্যসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা দূতাবাসে গিয়ে প্রয়াত এই নেতার প্রতি সম্মান প্রদর্শন করছেন। এই শোকের সময়ে সংহতি প্রকাশের জন্য বাংলাদেশ সরকার, বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে আলজেরীয় দূতাবাস।
