Friday, September 11, 2026
Homeজাতীয়৫ দিন বন্ধ থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান: ভোট ও ধর্মীয় উৎসবের টানা ছুটি

৫ দিন বন্ধ থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান: ভোট ও ধর্মীয় উৎসবের টানা ছুটি

১৩তম জাতীয় সংসদ নির্বাচন, সাপ্তাহিক ছুটি ও শিবরাত্রি মিলিয়ে ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ছুটির কবলে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক ৭ ফেব্রুয়ারি ২০২৬

ফেব্রুয়ারি মাসে টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সাথে সাপ্তাহিক ছুটি এবং ধর্মীয় উৎসবের ছুটি যুক্ত হওয়ায় এই দীর্ঘ বিরতি তৈরি হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সংশ্লিষ্ট সরকারি সূত্র জানিয়েছে, ১৩তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় তা নিয়মিত সাপ্তাহিক ছুটির আওতায় পড়বে। এই ছুটির ধারাবাহিকতা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত হবে শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে। ফলে টানা পাঁচ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে জাতীয় নির্বাচন ও গণভোটের গুরুত্ব বিবেচনা করে নির্বাহী আদেশে ১১ ফেব্রুয়ারি (ভোটের আগের দিন) এবং ১২ ফেব্রুয়ারি (ভোটের দিন) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এর বাইরে, শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) এক বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। উপদেষ্টা পরিষদের এক বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, নির্বিঘ্নে ভোট প্রদানের সুবিধার্থে এই নির্বাহী আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই ছুটি সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর মূল উদ্দেশ্য হলো নাগরিকদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা এবং নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা।

RELATED NEWS

Latest News