Sunday, February 1, 2026
Homeজাতীয়১৪ বছর পর ঢাকা-করাচি রুটে বিমানের সরাসরি ফ্লাইট শুরু

১৪ বছর পর ঢাকা-করাচি রুটে বিমানের সরাসরি ফ্লাইট শুরু

বৃহস্পতিবার রাতে ১৫০ জন যাত্রী নিয়ে করাচির উদ্দেশ্যে ছেড়ে গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম উদ্বোধনী ফ্লাইট।

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ৩০ জানুয়ারি ২০২৬

দীর্ঘ ১৪ বছরের বিরতি শেষে ঢাকা-করাচি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার রাতে এই রুটে বিমানের উদ্বোধনী ফ্লাইটটি ঢাকা থেকে পাকিস্তানের করাচির উদ্দেশ্যে উড্ডয়ন করে।

বৃহস্পতিবার রাত ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের প্রথম ফ্লাইট বিজি ৩৪১ করাচির উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রথম ফ্লাইটে মোট ১৫০ জন যাত্রী ভ্রমণ করেছেন।

এই বিশেষ মুহূর্তটি উদযাপন করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ বশির উদ্দিন।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত ছিলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. শফিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

বিমানের এই প্রথম ফ্লাইটটি করাচির স্থানীয় সময় রাত ১১টায় সেখানে পৌঁছায়। ফিরতি ফ্লাইট বিজি ৩৪২ করাচি থেকে শুক্রবার স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে ছেড়ে ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, এই রুটটি চালুর ফলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাতায়াত আরও সহজ হবে। এটি ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং পারিবারিক সফরের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করবে বলে মনে করা হচ্ছে।

বিমানের পক্ষ থেকে যাত্রীদের নিরাপত্তা এবং সেবার মান সর্বোচ্চ পর্যায়ে বজায় রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই রুটে আধুনিক উড়োজাহাজ ও অভিজ্ঞ ক্রু দ্বারা ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সম্প্রতি হজ কার্যক্রম নির্বিঘ্ন করতে ম্যানচেস্টার (যুক্তরাজ্য) রুটে দুই মাস ১০ দিনের জন্য ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয় বিমান। এর পরপরই ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেয় সংস্থাটি।

RELATED NEWS

Latest News