আন্তর্জাতিক ডেস্ক ৩০ জানুয়ারি ২০২৬
ভারতের উত্তর-পূর্ব দিল্লির ভজনপুরায় ৬ বছরের এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন কিশোরকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বয়স যথাক্রমে ১৩, ১৪ এবং ১৫ বছর। তারা সবাই একই এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি কারখানায় কাজ করত বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ জানুয়ারি ভুক্তভোগী শিশুর পরিবার বিষয়টি থানায় জানায়। অভিযোগ পাওয়ার পরপরই অভিযানে নামে পুলিশ। আটক ৩ কিশোরকে ইতোমধ্যে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনে মামলা করা হয়েছে।
ভুক্তভোগী শিশুর মা সংবাদমাধ্যমকে জানান, ঘটনার দিন তার মেয়ে রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরে আসে। প্রথমে মেয়েটি পড়ে গিয়ে চোট পেয়েছে বলে জানালেও পরে তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে সব খুলে বলে। অভিযোগ করা হয়েছে, ওই তিন কিশোর শিশুটিকে একটি ভবনের ছাদে নিয়ে এই অপরাধ করে।
তিনি আরও জানান, অভিযুক্তদের মধ্যে একজনের মা মেয়ের অবস্থা দেখে নিজের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। মেয়ের ওপর হওয়া এই পাশবিকতার জন্য তিনি জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন।
এদিকে, এই ঘটনায় পুলিশের তদন্তে ধীরগতির অভিযোগ তুলেছেন ভজনপুরার বাসিন্দারা। বিচারের দাবিতে গত ৪ দিন ধরে ওই এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন স্থানীয়রা।
সিনিয়র পুলিশ কর্মকর্তা আশীষ মিশ্র জানান, পুলিশ অপরাধস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে। ইতোমধ্যে শিশুটির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে। শিশুটিকে বর্তমানে কাউন্সিলিং ও প্রয়োজনীয় সেবার আওতায় রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
